ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

মেঘনায় গোসলে নেমে যমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় গোসলে নেমে যমজ দুই ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে যমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু। পরে তারা স্কুলে না গিয়ে একসঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে একজন নদী থেকে উঠে আসতে পারলেও বাকি তিনজন তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঢাকার ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে নিখোঁজ তিনজনের মধ্যে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৫টার দিকে আবিরের মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন