ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ সেশনের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে আসে। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান।

পাহাড় ভ্রমণ শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা। এ সময় স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।

খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও এতে যোগ দেয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় বিকেল ৪টা ৪০ মিনিটে সানমের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা নয়জন সকালে সীতার পাহাড়ে ওঠেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার সময় মুহূর্তের মধ্যে সানম পানিতে তলিয়ে যান।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন