ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে পৃথক অভিযানে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩০০ ফিট সড়কের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, ৩০০ ফিট সড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মিছিলের প্রস্তুতি নেওয়া অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রূপগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন