ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআই

ফাইল ছবি

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ৩৯ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে মালয়েশিয়া যাচ্ছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে দলটি আগামী ২২ থেকে ২৫ সেপ্টেম্বর কুয়ালালামপুর সফর করবে। সফরে মালয়েশিয়ার ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বৈঠকে অংশ নেবে প্রতিনিধিদল।

২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্ল্যাং চাইনিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স এবং ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার সঙ্গে বৈঠক করবে ডিসিসিআই।

২৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)-২০২৬’-এও অংশ নেবে প্রতিনিধিদল। সফরকালে মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী টিয়ং কিং সিং এবং উপ-অর্থমন্ত্রী লিউ চিং টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্য ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি ছিল ২৮২ মিলিয়ন ডলার এবং আমদানি ২ দশমিক ২৯৩ বিলিয়ন ডলার।

এ ছাড়া মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে ৭৫৫ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের চেষ্টা করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন