ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

জরুরি বিল পরিশোধে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

জরুরি বিল পরিশোধে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

ফাইল ছবি

বিদ্যুৎ-গ্যাসের বিল, সন্তানের স্কুলের বেতন কিংবা হাসপাতালের খরচ মেটাতে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘জরুরি পেমেন্ট সেবা’ নামের এই সুবিধায় গ্রাহককে নগদ টাকা দেওয়া হবে না। বরং নির্দিষ্ট জরুরি সেবার বিল পরিশোধে সরাসরি অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া হবে।

এই ঋণ দিয়ে বিদ্যুৎ ও গ্যাস বিল, মোবাইল রিচার্জ, স্কুলের বেতন, হাসপাতালের বিল, ডিপিএসের কিস্তি ও বিমার প্রিমিয়াম পরিশোধ করা যাবে। ঋণের মেয়াদ হতে পারে সাত, ১৫ অথবা ৩০ দিন।

এই সুবিধার জন্য ব্যাংক কোনো সুদ নেবে না। তবে নির্ধারিত হারে মাশুল দিতে হবে। সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণের ক্ষেত্রে সাত দিনে ৩৫ টাকা, ১৫ দিনে ৭০ টাকা এবং ৩০ দিনে সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে।

অর্থাৎ ১০ হাজার টাকা ঋণ নিয়ে ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে গ্রাহককে মূল টাকার সঙ্গে সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে।

সিটি ব্যাংক পিএলসির ডিএমডি অরূপ হায়দার বলেন, জরুরি বিল পরিশোধের সময় সাময়িক তারল্য সংকট কাটাতে এই সুবিধা কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি ডিজিটাল লেনদেনে মানুষকে আরও অভ্যস্ত করবে এবং নগদনির্ভরতা কমাতে সহায়তা করবে।

বাংলাদেশে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীরাই মূলত এই সুবিধার আওতায় আসবেন। তবে অ্যাপ ব্যবহার করলেই সবাই স্বয়ংক্রিয়ভাবে ঋণ পাবেন না। কোন গ্রাহক কত টাকা পর্যন্ত ঋণ পাবেন, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংক।

দেশে বর্তমানে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় আড়াই কোটি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিভিন্ন ব্যাংকের নিজস্ব অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন