শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:১২, ৬ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত-নির্বিশেষে সবাইকে দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
আগামীকাল ৭ নভেম্বর ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা পাবে সর্বোচ্চ অগ্রাধিকার।
দিবসটি উপলক্ষে দেশের সব নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা জানান।
বাণীতে রাষ্ট্রপতি ৭ নভেম্বরকে জাতীয় জীবনের অবিস্মরণীয় দিন ও ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান।
রাষ্ট্রপতি আরও বলেন, সিপাহি-জনতার সংহতির চেতনা পুনর্জাগরিত হয়েছিল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে। ছাত্র-জনতা, নারী-পুরুষ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে।
তিনি বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, শান্তি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেন।
রাষ্ট্রপতির মতে, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র বারবার ষড়যন্ত্রের মুখে পড়েছে। সম্মিলিত প্রচেষ্টায় দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান শক্তিশালী করা জরুরি।
ঢাকা এক্সপ্রেস/এসআই