শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৩৯, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৯, ৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান মোতায়েন ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যদের মধ্যে মিরপুর এলাকায় ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা কার্যক্রম জোরদার ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হচ্ছে। দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা।
জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই