শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৪, ৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সঙ্গে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নবগঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে সকাল ১১টায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান।
সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে মজুরি চূড়ান্ত করে জানুয়ারি থেকে কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একমত হন।
এর আগে, বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করা হয়।
এদিকে, নিম্নতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। বুধবারও ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা এক্সপ্রেস/এসআই