শিরোনাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৭, ৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
টানা দুই দিনের সড়ক অবরোধের পর তৃতীয় দিনেও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এবার সড়ক অবরোধ ঠেকাতে ভিন্ন কৌশল নিয়েছে পুলিশ।
ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকদের জমায়েত হতে না দেওয়া এবং সেখান থেকে বাইরে বের হতে বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সচল রাখতে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা আবারও আন্দোলনের চেষ্টা করলে সতর্ক অবস্থান নেয় পুলিশ। এ সময় শ্রমিকেরা সড়কে নেমে অবরোধ সৃষ্টির চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় বড় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে এসব কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে আসেন। তবে পরে কয়েকটি কারখানার শ্রমিক কাজ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন।
এ পরিস্থিতিতে শ্রমিকদের কাঠেরপুল এলাকার মধ্যেই আটকে রাখার কৌশল নেয় পুলিশ। যাতে তারা দলবদ্ধ হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রবেশ করতে না পারেন এবং নতুন করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে না পারেন। এতে শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এদিকে লিংক রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। শ্রমিকদের সম্ভাব্য জমায়েত ও সড়কে বেরিয়ে আসার চেষ্টা ঠেকাতে বাড়তি নজরদারিও চালানো হচ্ছে।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছে। শ্রমিকেরা যাতে সড়কে নেমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সে জন্য কোথাও তাদের জড়ো হতে দেওয়া হচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের মধ্যেও পুলিশের এই কৌশলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস