শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৮, ৪ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশে সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার চাচাতো ভাই ও ওই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের সুপারি গাছে পানি দিতে যান হাসানুর। এ সময় গাছের ছায়া নিজের জমিতে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে আপত্তি জানান তার চাচাতো ভাই হাসদেল শেখ। গাছ লাগানো নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা উত্তপ্ত বাক্বিতণ্ডায় রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র নিয়ে হাসানুরের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্তদের পাওয়া যাচ্ছে না। তারা পালিয়ে যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস