শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৪, ৩ নভেম্বর ২০২৬
ছবি : ঢাকা এক্সপ্রেস
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সড়কে যান চলাচল। এ ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে আন্দোলনকারীরা বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়লে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেন পোশাকশ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সংঘর্ষের কারণে মিরপুর-১১ থেকে মিরপুর-১০ ও পল্লবীগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর ১২টার পর থেকে পরিস্থিতির উন্নতি হতে থাকে। ধীরে ধীরে সড়কে যানবাহন চলাচল বাড়ে এবং একপর্যায়ে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এদিকে সংঘর্ষের কারণে সকাল ১০টা ২২ মিনিট থেকে বন্ধ রাখা হয় মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্টেশনটি আবার চালু করা হয়েছে। এর আগে দুপুর ১২টা ২২ মিনিটেও স্টেশনটি চালু হয়নি বলে জানিয়েছিলেন এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মহসিন শেখ।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ) মোহাম্মদ তৌহিদুল আরিফ বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনে দুষ্কৃতকারীরা অনুপ্রবেশ করেছে। শ্রমিক নেতারা আগের দিন আন্দোলন থেকে সরে আসার কথা জানিয়েছিলেন। এরপরও যারা বিক্ষোভ চালিয়ে যাবেন, তারা শ্রমিক নন, বরং দুষ্কৃতকারী বলে মন্তব্য করেন তিনি। আন্দোলনে অংশ নেওয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।
সব মিলিয়ে সংঘর্ষের পর মিরপুর-১১ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই