শিরোনাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৭, ৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মানব পাচারকারী চক্রের দুই সদস্যসহ আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ২ নভেম্বর বিকেলে কুলাউড়া উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল জানতে পারে, সঞ্জরপুর এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে ওই বসতঘরে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে মো. হারিছ আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫) মানব পাচারকারী চক্রের সদস্য বলে জানা যায়। তারা অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে এসআরবি-৯।
পরে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের কাছে ভারতে যাওয়ার কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।
আটক অন্য ছয়জন হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের আমিনুর শরীফ (৪২) ও মো. মফিজুর শিকদার (৪৩), ধিরাই গ্রামের কামরুল মোল্যা (৪৬), ভুলবাড়িয়া গ্রামের ইয়ামিন মোল্যা (৪৫) ও সুখলাল বিশ্বাস (৪১) এবং সদর উপজেলার মালিবাতা গ্রামের মো. জিহাদ সরদার (৪০)।
এসআরবি-৯ জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও মানব পাচারের চেষ্টার অভিযোগে ‘দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে আটক আটজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই