ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

ম্যাকলেমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে এড শিরানের শো ছাড়লেন ৪ শিল্পী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

ম্যাকলেমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে এড শিরানের শো ছাড়লেন ৪ শিল্পী

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের সমর্থনে কথা বলার পর র‍্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। এর প্রতিবাদে ট্যুরের চার উদ্বোধনী শিল্পী এড শিরানের সঙ্গে একই মঞ্চে গান গাইতে অস্বীকৃতি জানিয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্ট করেন এড শিরান। সহশিল্পীরা সরে দাঁড়ানোয় একাই মঞ্চে গান করেন তিনি।

এর আগে গত ৫ সেপ্টেম্বর নিউ জার্সিতে একটি অনুষ্ঠানে ম্যাকলেমোর ‘ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এরপর ইসরাইলপন্থী এক মার্কিন শতকোটিপতির চাপে তাকে এড শিরানের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এড শিরানের ট্যুরে ফিনিয়াস, লুকাস গ্রাহাম ও অ্যারন রো-এর মতো শিল্পীদেরও গান গাওয়ার কথা ছিল। ম্যাকলেমোরকে বাদ দেওয়ার ঘটনায় তারা ক্ষুব্ধ হয়ে শো থেকে সরে দাঁড়ান।

পরে গাজার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অন্যায়’ বলে মন্তব্য করেন এড শিরান। একই সঙ্গে ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না বলেও জানান তিনি।

এদিকে ম্যাকলেমোরের ফিলিস্তিনপন্থী অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে গাজা শহরের একটি ধ্বংসস্তূপের দেয়ালে তার ছবি এঁকেছেন স্থানীয় শিল্পীরা। ছবির পাশে লেখা হয়েছে, ‘আমাদের ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

সূত্র: আল-জাজিরা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন