ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৪ আশ্বিন ১৪৩৩, ০৬ রবিউস সানি ১৪৪৮

সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১০:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাঙামাটির সাজেকে ছয় পর্যটককে আটক করেছে সাজেক থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইহাট বাজার এ ঘটনা ঘটে।

পরে বাঘাইহাট বাজারের স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের বহনকারী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে ছয় পর্যটককে আটক করে।

আটক পর্যটকেরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয় ও মৃত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২), হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল ও তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩), সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর পশ্চিম সুবিদখালীর আনিছুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, দুপুরের দিকে সাজেক থানা পুলিশ ছয় পর্যটককে আটক করেছে। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ বলে স্লোগান দেন। আটক পর্যটকেরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন