ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি, শেষ আপিলও খারিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৯:২৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি, শেষ আপিলও খারিজ

ফাইল ছবি

ধর্ষণের মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমি। মামলাটি খারিজ করতে তার করা শেষ আপিলও খারিজ হয়ে গেছে। ফ্রান্সের সর্বোচ্চ আইনি সংস্থা কোর্ট অব ক্যাসেশন ২৭ বছর বয়সী এই ফুটবলারের আপিল খারিজ করে দিয়েছে।

এর ফলে মামলাটি বিচারের জন্য প্যারিসের পশ্চিমে ও-দে-সেন বিভাগের একটি অপরাধ আদালতে যাবে। এখনো বিচার শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে আগামী বছরই বিচারকাজ শুরু হতে পারে।

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বুলোন-বিলঁকুরে হাকিমির নিজ বাসভবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত। ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে যোগাযোগের পর এক তরুণী তার বাড়িতে যান।

পরে ওই তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ঘটনার পাঁচ দিন পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তার আইনজীবীরা প্রথমে মামলাটি খারিজের আবেদন করেন।

তবে গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত সেই আবেদন খারিজ করে দেন। এরপর হাকিমি উচ্চ আদালত কোর্ট অব ক্যাসেশনে আপিল করেন।

সম্প্রতি সেই আপিলও খারিজ হওয়ায় মামলাটি এখন বিচারের পর্যায়ে যাওয়ার পথ তৈরি হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন