ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৭ ভরি স্বর্ণ ও টাকা লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৭ ভরি স্বর্ণ ও টাকা লুট

ছবি: ঢাকা এক্সপ্রেস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া শহীদুল্লাহ গাজী সড়কের কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আবুল হোসেন জানান, ভোর ৩টার দিকে ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তার দুই ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

একপর্যায়ে ডাকাতরা আবুল হোসেনকে মারধর করে অচেতন করে ফেলে। পরে তার স্ত্রী রলি বেগমকে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করে। ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায় বলে জানান আবুল হোসেন।

পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এর আগেই ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন