শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পুরোনো একটি সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় এসআই মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।
এ সময় ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেটকার চেকপোস্টের কাছে এলে পুলিশ থামার সংকেত দেয়। চালক গাড়ি থামিয়ে দৌড়ে পালিয়ে যান।
পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই