শিরোনাম
মো. মৃদুল সিকদার তুহিন, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
একই পরিবারের একজন বিএনপি ও অন্যরা ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকাকে সমালোচনা করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেছেন, ‘এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে। এক ভাই বিএনপি করবেন, এক ভাই ফ্যাসিস্টের দল করবেন, আরেক ভাই গুপ্তের দল করবেন—তা চলবে না।’
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বার্তা স্পষ্ট। আপনারা কিন্তু পার পাবেন না।’
তিনি আরও বলেন, যারা ফ্যাসিস্ট বা রাজাকার ছিলেন, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাদের সঙ্গে আত্মীয়তা থাকলে সেই আত্মীয়তার বন্ধনও ছিন্ন করার আহ্বান জানান তিনি।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে আহম্মদ সোহেল মনজুর বলেন, ফ্যাসিস্টদের কারণে তাদের নেত্রী ও দেশের মা বিনা চিকিৎসায় মারা গেছেন।
তার ভাষ্য, ‘সেই ফ্যাসিস্টদের আপনারা প্রশ্রয় দেবেন, তাদের সঙ্গে আত্মীয়তা করবেন—সেই দিন শেষ। একদম শেষ।’
সভায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই