ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩, ১০ রবিউস সানি ১৪৪৮

নৈরাজ্যের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি ইয়াসের খানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নৈরাজ্যের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি ইয়াসের খানের

ছবি: ঢাকা এক্সপ্রেস

দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড়সংলগ্ন চত্বরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে শহরের রথখলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় এলাকায় যায়।

সমাবেশে ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

বিএনপির ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দলটি রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি ও এর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

সম্প্রতি দুটি বাসে আগুন দেওয়ার প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, বাসে আগুন দিয়ে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

বিচারের প্রসঙ্গে তিনি বলেন, নৈরাজ্য ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন।

বিক্ষোভ মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন