ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

‘সরকারি দপ্তরে আওয়ামী ঘরানার কর্মকর্তাদের এখনো বদলি হয়নি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০১, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘সরকারি দপ্তরে আওয়ামী ঘরানার কর্মকর্তাদের এখনো বদলি হয়নি’

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তারা এখনো বহাল রয়েছেন এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আনোয়ারায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

ইসমাইল বিন মনির বলেন, ‘আমরা বিগত ৬ মাস অত্যন্ত ধৈর্য ধরে কাজ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে সরকারি কোনো অফিসে আওয়ামী ঘরানার কোনো কর্মকর্তার বদলি বা পরিবর্তন হয়নি।’

তিনি আরও বলেন, প্রতিটি দপ্তরে কর্মকর্তাদের ভূমিকার বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের বিএনপির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে আনোয়ারা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জয়কালী বাজার থেকে শুরু হওয়া মিছিলটি আনোয়ারা সরকারি কলেজ ও থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে লায়ন হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন