শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:০৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করা এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ। ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে থাকার কারণে পিঠ, কোমর ও ঘাড়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে চল্লিশের পর এ ধরনের সমস্যা আরও বাড়তে পারে।
অনেকে সাময়িক স্বস্তির জন্য ব্যথানাশক ওষুধের ওপর নির্ভর করেন। তবে নিয়মিত কিছু সহজ আসন চর্চা করলে পিঠ ও কোমরের অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে। দীর্ঘ সময় বসে কাজ করা মানুষের জন্য এমন তিনটি আসন হলো—
মার্জারাসন
মার্জারাসন যোগব্যায়ামের একটি সহজ ও জনপ্রিয় আসন। ইংরেজিতে এটি ‘ক্যাট পোজ’ নামে পরিচিত। সংস্কৃত শব্দ ‘মার্জার’ অর্থ বিড়াল এবং ‘আসন’ অর্থ বসার ভঙ্গি।
এই আসন করার সময় শরীরের ভঙ্গি অনেকটা পিঠ বাঁকানো বিড়ালের মতো হয়। এটি মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে এবং পিঠের অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে।
প্রথমে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসুন। দুই হাতের তালু ও হাঁটুর ওপর ভর দিন। শ্বাস নিতে নিতে মাথা ওপরে তুলুন এবং পেট নিচের দিকে নামিয়ে পিঠ সামান্য বাঁকান।
এরপর শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঁচু করুন এবং মাথা নিচের দিকে ঝুঁকিয়ে দিন। এতে পিঠ ও ঘাড়ের পেশিতে টান তৈরি হয়।
বসে মেরুদণ্ড মোচড়ের আসন
‘সিটেড টুইস্ট’ নামে পরিচিত এই আসনটি চেয়ারে বসেও করা যায়। প্রথমে চেয়ারে সোজা হয়ে বসুন এবং দুই পা মাটিতে স্থির রাখুন।
ডান হাত দিয়ে চেয়ারের পেছনের অংশ ধরে শরীর ডান দিকে ঘোরান। এভাবে ১০ সেকেন্ড থাকুন। পরে একইভাবে বাঁ দিকেও করুন।
নিয়মিত চর্চা করলে মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখতে এবং পিঠের অস্বস্তি কমাতে এটি সহায়ক হতে পারে।
সুপ্ত মৎস্যেন্দ্রাসন
সুপ্ত মৎস্যেন্দ্রাসন বা ‘সুপাইন স্পাইনাল টুইস্ট’ পিঠে শুয়ে করার একটি সহজ যোগাসন। এটি পিঠ ও কোমরের পেশি প্রসারিত করতে সহায়তা করে।
প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। এরপর ডান হাঁটু ভাঁজ করে বাঁ হাত দিয়ে ধরে শরীরের বাঁ দিকে নিয়ে যান। এতে শরীরে হালকা মোচড় তৈরি হবে।
কিছুক্ষণ পর একইভাবে অন্য পাশেও করুন। নিয়মিত চর্চায় পিঠ ও কোমরের নমনীয়তা বাড়াতে এবং অস্বস্তি কমাতে এটি সহায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এসব আসন চর্চা করলে পিঠ ও কোমরের ব্যথা কমার পাশাপাশি শরীরের নমনীয়তাও বাড়তে পারে। তবে দীর্ঘদিনের তীব্র ব্যথা থাকলে ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ঢাকা এক্সপ্রেস/এসআই