ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩, ০৯ রবিউস সানি ১৪৪৮

জাতিসংঘের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে গিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।

প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা তাঁদের জীবনসঙ্গীদের নিয়ে অনুষ্ঠানের মঞ্চে ওঠেন। সেখানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁরা ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন। এ সময় তিনি জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় এবং ফটোসেশনে অংশ নেন।

এর মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক সফরসূচি শুরু হয়।

প্রাতরাশ শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।

অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন