শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বরগুনার বেতাগীতে শ্লীলতাহানি ও উত্ত্যক্তের অভিযোগ জানাতে ৯৯৯-এ ফোন করায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় ওই ছাত্রীর পাঁচটি দাঁত ভেঙে গেছে বলে জানিয়েছে তার পরিবার। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী বর্তমানে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ফয়সাল ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে আসছিলেন। গত ১৯ সেপ্টেম্বর রাতে টয়লেটে গেলে ফয়সাল তাকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনায় ছাত্রীর মা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেয়।
পরিবারের অভিযোগ, পুলিশে ফোন করার জেরে সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীর ওপর হামলা চালান ফয়সাল। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। এতে তিনটি দাঁত উপড়ে যায় এবং দুটি দাঁত ভেঙে যায়।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস বলেন, ‘সালিশের সময়ই আসামি ফয়সালের মা হুমকি দিয়েছিল, পুলিশ ডাকার ফল ভোগ করতে হবে।’
ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার নির্দেশনায় মূল আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই