শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই তা শনাক্ত ও প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ। এজন্য সাইবার মনিটরিং টিমকে আরও সক্রিয় করার পাশাপাশি তথ্য যাচাই ও দ্রুত সঠিক তথ্য প্রচারের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুরোনো ছবি-ভিডিও বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা ঠেকাতে সার্বক্ষণিক নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক অনলাইন সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি ডিবি ও সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যকে ঘটনা হিসেবে নেওয়ার আগে তা যাচাই এবং গুজবের উৎস শনাক্ত করার কৌশল নিয়ে আলোচনা হয়। কোনো ছবি, ভিডিও বা পোস্ট ভাইরাল হলে এর উৎস, সময় ও প্রেক্ষাপট যাচাই করতে বলা হয়েছে।
এ ছাড়া পুরোনো বা অন্য ঘটনার ছবি-ভিডিও নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্গাপূজা, পূজামণ্ডপ, ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত কনটেন্টে বিশেষ নজর দিতে বলা হয়েছে। ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির আশঙ্কা রয়েছে—এমন কনটেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সুপার গুজব শনাক্তকরণ, তথ্য যাচাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ এবং প্রয়োজনে দ্রুত সঠিক তথ্য প্রচারের ধারাবাহিকতায় কাজ করার নির্দেশ দেন।
একই সঙ্গে গুরুত্বপূর্ণ কনটেন্টের লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট আইডি বা পেজ এবং সময়সহ অন্যান্য তথ্য সংরক্ষণ করতে বলা হয়েছে। প্রয়োজনে এসব তথ্য পরবর্তী আইনগত ব্যবস্থায় কাজে লাগানো হবে।
জেলা পুলিশ জানায়, শুধু গুজব শনাক্ত করে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। এর বিপরীতে দ্রুত সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াও জরুরি। এ কারণে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করে সংক্ষিপ্ত, নিরপেক্ষ ও সময়োপযোগী তথ্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই