শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:২৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসে নতুন করে আবাসন সংকটে পড়েছে বাংলাদেশ আরচারি দল। দীর্ঘ ভ্রমণের পর জাপানে পৌঁছেও নির্ধারিত কক্ষ বুঝে পায়নি ১৬ সদস্যের দলটি।বিমানবন্দরে আট ঘণ্টা ট্রানজিট শেষে ক্রুজশিপে পৌঁছায় দলটি। এরপরও নির্ধারিত কক্ষ না পাওয়ায় তাদের গাদাগাদি করে চারটি কক্ষে রাত কাটাতে হয়েছে।
দলের কোচ মার্টিন ফ্রেডরিককে থাকতে হয়েছে জিমন্যাস্টিকসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল ও কোচ মাসুমের কক্ষে। আর তিন কর্মকর্তাকে রাখা হয় একটি হোটেলে। সেখানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না।
এবারের এশিয়ান গেমসে প্রচলিত কোনো ‘অ্যাথলেটস ভিলেজ’ তৈরি করা হয়নি। ব্যয় কমানো ও স্থায়ী অবকাঠামো নির্মাণ এড়াতে খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য হোটেল, অস্থায়ী কনটেইনার আবাসন এবং ‘কোস্টা সেরেনা’ ক্রুজশিপে থাকার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ দলের জিমন্যাস্টিকস, জুডো, কাবাডি, ভারোত্তোলন, কুস্তি, টেবিল টেনিস ও উশু ইভেন্টের সদস্যদের ক্রুজশিপে থাকার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ৭৯ জন অ্যাথলেট ও কর্মকর্তার জন্য ক্রুজে ৩১টি টুইন রুম বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১২ জন আরচার ও চার কর্মকর্তার জন্য নির্ধারিত ছিল আটটি কক্ষ।
তবে হংকংয়ে আট ঘণ্টা ট্রানজিট এবং ওয়েলকাম সেন্টারে আরও নয় ঘণ্টা অপেক্ষার পরও নির্ধারিত কক্ষ বুঝে পায়নি আরচারি দল।
বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদ বলেন, ক্রুজে বাংলাদেশের জন্য ৩১টি কক্ষ বরাদ্দ দেওয়া হলেও সবগুলো এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। এ কারণে আরচারদের ঠিকমতো কক্ষ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, দলটির ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। আগামী ২৬ তারিখ বাংলাদেশের কয়েকটি দল দেশে ফিরবে। তখন আবাসন সংকট কমে আসতে পারে।
আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর রায়হান বলেন, হংকংয়ে আট ঘণ্টা অপেক্ষার পর ওয়েলকাম সেন্টারে কক্ষের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এরপরও ঠিকমতো কক্ষ বরাদ্দ পাওয়া যায়নি।
তার ভাষ্য, আরচাররা কোনোভাবে গাদাগাদি করে রাত কাটিয়েছেন। সকালে নাশতা না করেই অনুশীলনে যেতে হয়েছে। এভাবে চলতে থাকলে ভালো ফল করা কঠিন বলে তিনি মন্তব্য করেন।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছে। সম্ভাব্য পদকপ্রাপ্তির তালিকায় আরচারি অন্যতম। তবে আবাসন সংকটের কারণে পদক জয়ের সম্ভাবনা নিয়ে ফেডারেশনের কর্মকর্তারাও শঙ্কা প্রকাশ করেছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই