শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪ কোটি পরিবার আসবে। এ কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। পর্যায়ক্রমে সবাইকে কার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত।
বাঁশখালীর বন্যা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালের জলোচ্ছ্বাসের পর এ অঞ্চলের মানুষ বড় কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি। আকস্মিক ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষ অসহায় হয়ে পড়েন।
তিনি বলেন, বন্যা মোকাবিলায় জেলা প্রশাসন ও সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে। সরকারি কার্যক্রমে কোনো ভুল হয়ে থাকলে মন্ত্রী হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ক্ষমা চান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন মীর শাহে আলম।
তিনি বলেন, তারেক রহমানের বাবা ও মা জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়েছেন। এখন তারেক রহমানও জাতিসংঘে ভাষণ দেবেন। তাঁর দাবি, এমন ঘটনা আগে কেউ করতে পারেননি এবং ভবিষ্যতে কেউ পারবেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই