শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৭:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ মো. মহিন উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ১৩ নম্বর রসুলপুর ইউনিয়নের সেতুভাঙ্গা সিএনজি পাম্পসংলগ্ন একতা অটো সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই দোকানে অভিযান চালিয়ে তল্লাশি করে। এ সময় মহিন উদ্দিনের মালিকানাধীন দোকান থেকে ২৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। আটক মো. মহিন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নুর ইসলামের ছেলে।
বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
ঢাকা এক্সপ্রেস/এসআই