শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানার পুলিশ একযোগে অভিযানে নামে।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও প্রতিটি থানার যেসব স্থানে কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব এলাকায় অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৬২৪ জনের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। অপরাধের ধরন ও অতীত অপরাধের রেকর্ড অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই