ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩, ১১ রবিউস সানি ১৪৪৮

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ৯

ছবি: এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে দোতলা পর্যটকবাহী বাসে আগুন লেগে নয়জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দায়ের করা মামলার এফআইআরে বলা হয়েছে, আগুন লাগার কয়েক মিনিট আগে বাসের যাত্রীরা পোড়া গন্ধ পেয়েছিলেন। এ সময় চালক ও কন্ডাক্টর বাসের ভেতর সিগারেট খাচ্ছিলেন।

এফআইআর অনুযায়ী, চালক ও কন্ডাক্টরের ধূমপান নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছিলেন যাত্রীরা। তবে তারা বিষয়টি নিয়ে হাসাহাসি করেন এবং যাত্রীদের চুপ থাকতে বলেন। এমনকি তাদের হুমকিও দেওয়া হয় বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। এর কিছুক্ষণ পর বাসের ভেতর পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। যাত্রীরা চালককে বিষয়টি জানালেও তিনি গুরুত্ব দেননি। চালক ও কন্ডাক্টরের দাবি ছিল, বাসে প্রায়ই এমন গন্ধ পাওয়া যায়।

যাত্রীরা বারবার অনুরোধ করলেও বাস থামিয়ে পরীক্ষা করা হয়নি। বরং চালক দ্রুতগতিতে বাস চালাতে থাকেন এবং সিগারেটও খেতে থাকেন বলে এফআইআরে বলা হয়েছে। এর কয়েক মিনিট পর বাসের সামনের অংশে আগুনের শিখা দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন।

এফআইআরে আরও বলা হয়েছে, এ সময় চালক যাত্রীদের বাস থামাবেন না বলে হুমকি দেন। বিহারে নিবন্ধিত বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। এতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ার কারণে যাত্রীদের বাস থেকে বের হতে ব্যাপক সমস্যায় পড়তে হয়। এতে নয়জনের মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থায় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। পরে ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় চালক ও কন্ডাক্টর প্রাণে বেঁচে গেছেন। পরে পুলিশ তাদের আটক করেছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন