ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

রাড্ডা ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: তথ্য উপদেষ্টা

ছবি: ঢাকা এক্সপ্রেস

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ঘটনার বিষয়ে পুলিশের তদন্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বপূর্ণ হলেও সেটি পুলিশের আনুষ্ঠানিক তদন্তের বিকল্প নয়।

তিনি আরও বলেন, তদন্তে যাদের সম্পৃক্ততার বিষয়ে প্রমাণ পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ সহযোগিতা শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রেই এগিয়ে নেওয়া হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা ও সহযোগিতা করবে বাংলাদেশ। বোয়িং বা এয়ারবাস কেনার ক্ষেত্রেও দেশের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

এলপিজি সরবরাহ নিয়েও বক্তব্য দেন তথ্য উপদেষ্টা। আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তিনি বলেন, দেশে এলপিজির সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন।

সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত মতবিনিময় সভায় আমদানিকারক ও অপারেটররা দেশে এলপিজির সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলে জানিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন