ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র গোষ্ঠী নিষিদ্ধের দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়ন ও সশস্ত্র গোষ্ঠী নিষিদ্ধের দাবি

ছবি: ঢাকা এক্সপ্রেস

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একই সঙ্গে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি শহরের কাঁঠালতলীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্প্রতি গঠিত তিনটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

কাজী মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শান্তি চুক্তি লঙ্ঘন করে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারণে অবিলম্বে পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালকে স্বপদে বহাল রাখার দাবিও জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সর্বস্তরের মানুষের সুষম উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখায় তাকে প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখা প্রয়োজন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য হাবীব আজম, নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন