শিরোনাম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১১:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের সোনাকুর এলাকায় ভয়াবহ নদীভাঙনে আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। কখন কার ঘর-সংসার নদীর স্রোতে হারিয়ে যায়- এমন আশঙ্কায় অনেক পরিবার এখন রাত কাটাচ্ছে দুশ্চিন্তায়।
আজ ঘর আছে, কাল থাকবে কি না জানি না- ভাঙনকবলিত এলাকার মানুষের কণ্ঠে এখন একটাই প্রশ্ন- আমাদের ঘরবাড়ি কি রক্ষা করা যাবে?
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর পাড়ে দাঁড়িয়ে প্রতিদিন চোখের সামনে ভাঙন দেখতে হচ্ছে। নদীর স্রোত বাড়লেই আতঙ্ক আরও বেড়ে যায়। পরিবারের ছোট শিশুদের নিয়ে অনেকেই নিরাপদ আশ্রয়ের চিন্তায় রয়েছেন।
তাদের ভাষায়, নদী শুধু মাটি ভাঙছে না, ভাঙছে মানুষের স্বপ্ন ও নিরাপদে বেঁচে থাকার শেষ আশ্রয়টুকুও।
নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে সোনাকুর এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ভাঙন অব্যাহত থাকলে আরও বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঢাকা এক্সপ্রেস/এসএস