ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

ছবি: ঢাকা এক্সপ্রেস

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুই দিন আগে বসতঘরে ঢুকে এক নারীকে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় অস্ত্রটি ব্যবহৃত হয়ে থাকতে পারে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় পারভেজ ও কামালের বাড়ির মাঝামাঝি একটি আমগাছের নিচে লেবুগাছের ঝোপঝাড়ের ভেতরে মুরগির খোঁয়াড়ের নিচে রুমাল দিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘মেড ইন ইউএসএ’ লেখা রয়েছে। এ সময় ছয় রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে বসন্তপুর এলাকায় সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী দেলোয়ারের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী রোকসানা আক্তারের বাম পায়ে গুলি করে কয়েকজন পালিয়ে যায়। উদ্ধার করা পিস্তলটি ওই ঘটনায় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে অস্ত্রটি ওই ঘটনায় ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত ও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গুলির ঘটনায় সন্দেহভাজন পারভেজ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশের দাবি, পারভেজ ওই ঘটনায় শনাক্ত হওয়া আসামি জহিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর শরীফ ইবনে আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস, এগুলো কীভাবে সেখানে রাখা হয়েছিল এবং ২৪ সেপ্টেম্বরের গুলির ঘটনায় এর ব্যবহার ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন