শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১১:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আমতলীতে উদ্ধার হওয়া পদ্মগোখরা সাপের ১৪টি বাচ্চা দীর্ঘ পরিচর্যার পর অবশেষে ফিরে গেল প্রকৃতিতে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুয়াকাটার পূর্বদিকের সংরক্ষিত বনের নিরাপদ স্থানে সাপগুলো অবমুক্ত করা হয়।
এসময় বন বিভাগের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের সেকান্দরখালী গ্রাম থেকে কয়েকটি পদ্মগোখরার ডিম উদ্ধার করা হয়। পরে সেগুলো পাখিমারা অ্যানিমেল শেল্টারে নিয়ে নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। সেখানে ডিম ফুটে ১৪টি বাচ্চার জন্ম হয়।
জন্মের পর থেকে সাপগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক বৃদ্ধি ও স্বাভাবিক আচরণ ঠিক থাকায় এবং বিশেষজ্ঞদের পরামর্শে সাপগুলো প্রকৃতিতে টিকে থাকার উপযোগী বলে নিশ্চিত হওয়ার পরই বনে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে সংগঠনটির সদস্য আমিরুল বলেন, আমাদের লক্ষ্য বন্যপ্রাণীকে হত্যা করা নয়, উদ্ধার করে নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই লোকালয়ে সাপ দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা উদ্ধারকারী দলকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।
ঢাকা এক্সপ্রেস/এসএস