শিরোনাম
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে সিএনজি ও টমটম শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বাহুবল বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, যাত্রী ওঠানামা এবং চালকদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনাও ছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
অপর একটি সূত্র জানায়, বাহুবল থেকে রামপুর-ফয়জাবাদ রুটে চলাচলকারী টমটমে যাত্রী ওঠানামা নিয়ে সিএনজি চালকদের সঙ্গে বিরোধ ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, পূর্ব বিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই