শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সংগ্রহে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল।
তিনি বলেন, জ্বালানি কেনার পরও তা দেশে আনা সম্ভব হয়নি। এর মধ্যে ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ)তে আগুন লাগার ঘটনাও ঘটে। এসব কারণে সরবরাহে বিলম্ব হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যুদ্ধজনিত সংকট ও দুর্ঘটনা কাটিয়ে বর্তমানে জ্বালানি সরবরাহের লাইন স্বাভাবিক হয়েছে। জ্বালানি সঠিকভাবে দেশে আসছে।
এ ধরনের সাময়িক পরিস্থিতি বিশ্বের বিভিন্ন জায়গাতেও তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছিল। তবে জ্বালানি সরবরাহের ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় লেগেছে।
তিনি জানান, বর্তমানে জ্বালানি দেশে আনা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই