শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
২০২৭ সালের পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ শনিবার। শুক্রবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৫ হাজার ৯১৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭০ হাজার ৮৬৪ জন নিবন্ধন করেছেন। বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে এখনো ২ হাজার ৫৮২টি আসন খালি রয়েছে।
তবে নিবন্ধন প্রক্রিয়ায় প্রায় ১৩ হাজার ‘আনপেইড ভাউচার’ রয়েছে। এসব ভাউচারের বিপরীতে অর্থ জমা হলে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা আরও বাড়বে। এতে নির্ধারিত কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার এসব আনপেইড ভাউচারের অর্থ জমা দেওয়ার সুযোগ রয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের পর হজ নিবন্ধনের সময় আর বাড়ানোর পরিকল্পনা নেই।
প্রাক্-নিবন্ধিত হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছিল। গত ২৭ জুলাই চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধন শেষে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি আরবকে জানানো হবে। এরপর সৌদি পর্বের অর্থ প্রেরণ, আবাসন ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা ও প্রশিক্ষণসহ অন্যান্য প্রস্তুতি শুরু হবে।
এদিকে নির্ধারিত কোটার বাইরে ১০ হাজারের বেশি মানুষ হজ পালনে আগ্রহ দেখিয়েছেন। প্রায় ১৩ হাজার আনপেইড ভাউচারের অর্থ পরিশোধ শেষ হলে অতিরিক্ত হজযাত্রীর সংখ্যা আরও স্পষ্ট হবে।
তবে সৌদি আরবের অনুমোদন ছাড়া কোটার অতিরিক্ত হজযাত্রী নিবন্ধন করবে না ধর্ম মন্ত্রণালয়। বাড়তি কোটা পাওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই