শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:০১, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন। এ সময় একটি টিনের তৈরি মসজিদ ঘর ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—সোহরাব আলী (৫৫), ফরিদুল ইসলাম (৩৫), নুর আলম (৩০), ফরিদুল ইসলাম (৩৪), ডাবলু হোসেন (৪০), রেজাউল প্রামাণিক (৪২), আয়েশা বেগম (৫৫), সুমি খাতুন (৩০) ও গোলছারা বেগম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর পশ্চিমপাড়া এলাকায় ২০০১ সালে স্থানীয়রা মিলে একটি টিনের মসজিদ নির্মাণ করেন। তবে যাতায়াতের সুবিধার জন্য মসজিদটি নির্ধারিত জায়গার প্রায় ২০০ মিটার দূরে নির্মাণ করা হয়।
পরবর্তী সময়ে মসজিদের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ২০২১ সালে এক পক্ষ নির্ধারিত জায়গায় আরেকটি টিনের মসজিদ নির্মাণ করে।
এ নিয়ে দুই পক্ষের বিরোধ আরও বাড়ে। শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ সময় ২০২১ সালে নির্মিত মসজিদটি ভাঙচুর করা হয়। মসজিদের মাইক, ফ্যানসহ বিভিন্ন জিনিসপত্রও লণ্ডভণ্ড করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
আহত সোহরাব আলী বলেন, ২০২১ সালে নির্মিত মসজিদে নামাজ আদায়ের সময় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও মুখোমুখি অবস্থান নেয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই