ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ছবি: ঢাকা এক্সপ্রেস

চট্টগ্রামের হাটহাজারীতে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান (এলজি), দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলিসহ মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজারসংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাছির উদ্দীনের বসতঘরে অভিযান চালানো হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিমি পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ জব্দ করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন জানিয়েছেন, তার বন্ধু রাউজান উপজেলার বাসিন্দা মো. তৈয়ব (৪৫) তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখে যান। দেশে ফিরে তৈয়ব সেগুলো ফেরত নেওয়ার কথা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ দখলে রাখার অভিযোগে নাছির উদ্দীন ও পলাতক মো. তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

তিনি জানান, পলাতক তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন