ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

হাসপাতালে ডা. মোজাম্মেল, মনিরকে দেখতে অমিত

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৮:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হাসপাতালে ডা. মোজাম্মেল, মনিরকে দেখতে অমিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোরের প্রবীণ চিকিৎসক ডা. মো. মোজাম্মেল হোসেন ও সাংবাদিক মনিরুজ্জামান মনিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন দুজনের খোঁজখবর নেন তিনি।

প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। ৭৯ বছর বয়সী এই চিকিৎসক বর্তমানে হাসপাতালের আইসিইউ ইউনিটের এইচডিইউতে চিকিৎসাধীন। তিনি রক্তে সংক্রমণ, কিডনিসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

ডা. মোজাম্মেল হোসেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখার সাবেক সভাপতি এবং যশোর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

তার ছেলে ও যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক পরাগ জানান, গত ২০ সেপ্টেম্বর শহরের কাজীপাড়ার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন তার বাবা। ওইদিন সকাল পৌনে ৯টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হাসপাতালের অন্য একটি ইউনিটে চিকিৎসাধীন বৈশাখী টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনিরেরও খোঁজ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান।

মনিরুজ্জামানকে প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো চিন্তা করার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে।’

গত ২৩ সেপ্টেম্বর যশোর জেনারেল হাসপাতালে সাংবাদিক মনিরুজ্জামানের বাম কানে অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই বছর আগে কানে আঘাত পাওয়ার পর থেকে তিনি ব্যথা, রক্ত ও পুঁজ পড়া এবং কম শোনার সমস্যায় ভুগছিলেন।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা কানে রক্ত জমে সংক্রমণের কথা জানান। পরে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালে প্রতিমন্ত্রীর সঙ্গে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মাসুমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন