ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভ

ছবি : সংগৃহীত

পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হন। একপর্যায়ে তারা বিভিন্ন স্থানে ভাঙচুর চালান।

বিক্ষোভের সময় ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা একটি মিগ-২৩ যুদ্ধবিমান ও সামরিক ট্যাংকের ওপর উঠে প্রতিবাদ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রী বহিরাগত এক ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হন। বিষয়টি ওয়ার্ডেনকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।

অভিযোগের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ফাগওয়ারার জলন্ধর জাতীয় মহাসড়ক অবরোধ করেন। পরে ক্যাম্পাসের জানালার কাঁচ ও কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট গুজব ছড়ানো হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

ঘটনাটি তদন্তে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন