ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩, ১৩ রবিউস সানি ১৪৪৮

যশোরে নিয়োগপত্রের দাবিতে ১০৬ শিক্ষকের অবস্থান

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৯:২৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যশোরে নিয়োগপত্রের দাবিতে ১০৬ শিক্ষকের অবস্থান

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ১০৬ প্রার্থী অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রার্থীরা এতে অংশ নেন।

প্রার্থীদের দাবি, সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে ২৯০ জনকে সুপারিশ করা হয়। এর মধ্যে ১৮৪ জন নিয়োগপত্র পেলেও বাকি ১০৬ জন এখনো নিয়োগপত্র পাননি।

তাদের অভিযোগ, বিভিন্ন কারণ দেখিয়ে নিয়োগপত্র আটকে রাখা হলেও অধিকাংশ প্রার্থী রাজনৈতিক কারণে বাদ পড়েছেন।

প্রার্থীরা জানান, বিষয়টি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানানো হলে তিনি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় বিষয়টি আলোচনা করবেন বলেও জানিয়েছেন।

নিয়োগের বিষয়টি সমাধান না হলে রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ পড়া প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হবেন। সেখানে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন