শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
ইসরায়েলের বিপক্ষে দলের তৃতীয় গোলটি করেন আয়ারল্যান্ডের ফুটবলার জ্যাক ময়লান। বল জালে জড়ানোর পর উদযাপনের মাঝেই নিজের কালো আর্মব্যান্ড খুলে তাতে চুমু খান তিনি। আইরিশ এ তারকার প্রতিবাদী মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কেন এমন উদযাপন করলেন ময়লান?
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে হাঙ্গেরির ডেব্রেসেনে উয়েফা নেশনস লিগের ম্যাচে। ওই ম্যাচে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে দেয় আয়ারল্যান্ড।
ভিডিওতে দেখা যায়, গোলের পর ময়লান নিজের বাহু থেকে কালো আর্মব্যান্ড খুলে সেটি উঁচিয়ে ধরেন। এরপর তাতে চুমু দেন তিনি। পরে আয়ারল্যান্ডের জার্সির ব্যাজেও চুমু দিতে দেখা যায় তাকে।
এ কালো আর্মব্যান্ড ছিল ম্যাচটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবাদের প্রতীক। ফিলিস্তিনের গাজা সংঘাতে নিহতদের স্মরণে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা ম্যাচটিতে কালো আর্মব্যান্ড পরেছিলেন। শুধু তাই নয়, ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় আইরিশ খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত করমর্দকও হয়নি।
মাঠে গড়ানোর আগেই ম্যাচটি ব্যাপক বিতর্কের মধ্যে ছিল। আয়ারল্যান্ডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও উঠেছিল। এমনকি আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু ব্যক্তিগত অবস্থান থেকে ম্যাচটি বয়কট করেন।
তবে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়। প্রথমার্ধেই তিন গোল করে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ১৩ মিনিটে ট্রয় প্যারট, ১৬ মিনিটে অ্যাডাম ইদাহ এবং ২৫ মিনিটে জ্যাক ময়লান গোল করেন। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জয় পায় আইরিশরা। তবে মাঠের ফলের পাশাপাশি নানা প্রতিবাদী কর্মকাণ্ডের কারণে ম্যাচটি নিয়ে আলোচনা এখনও থামেনি।
ঢাকা এক্সপ্রেস/এসএস