শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
একটি জার্সি, একটি ম্যাচ। এর সঙ্গে জড়িয়ে আছে দুই দশকের ইতিহাস। আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার আগে লিওনেল মেসিকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। বেনিনের বিপক্ষে আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া থাকা বিশেষ স্মারক জার্সি পরে মাঠে নামবেন মেসি।
মেসির বিদায়ী ম্যাচটি যে অন্য সব ম্যাচের চেয়ে আলাদা হতে যাচ্ছে, তার ইঙ্গিত মিলেছে জার্সির নকশায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নতুন জার্সিটির প্রথম ঝলক দেখিয়েছেন আর্জেন্টাইন তারকা। পুরোনো জার্সির জায়গায় নতুনটি তুলে রাখার একটি ভিডিও প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।’ এরপর জার্সিটির বিস্তারিত নকশা প্রকাশ করেছে অ্যাডিডাস।
আর্জেন্টিনার চিরচেনা আকাশি ও সাদা রং থাকলেও বিদায়ী জার্সিতে যোগ করা হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় থাকছে সোনালি নকশা। পেছনে সোনালি অক্ষরে লেখা থাকবে মেসির নাম ও তার বিখ্যাত ১০ নম্বর।
জার্সিটির আরেকটি বিশেষ আকর্ষণ ‘সান অব মে’। এটি আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীক। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে রাখা হয়েছে সূর্যের রশ্মির নকশা। সব মিলিয়ে জার্সিটিকে শুধু ম্যাচের পোশাক হিসেবে নয়, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মারক হিসেবেই সাজানো হয়েছে।
জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়ার পর মেসির শেষ ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে বেনিনকে।
মেসিকে শেষবার আর্জেন্টিনার জার্সিতে দেখতে সমর্থকদের আগ্রহের চিত্রও স্পষ্ট হয়েছে টিকিট বিক্রিতে। ২৪ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরুর পর দুই ঘণ্টারও কম সময়ে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে তাই বিদায়ী রাতটি হতে যাচ্ছে কানায় কানায় পূর্ণ।
২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মেসির। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এই সময়ে জাতীয় দলের হয়ে তার অর্জনের তালিকায় যোগ হয়েছে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের মতো বড় শিরোপা।
২০২১ সালে কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান মেসি। পরের বছর ফিনালিসিমা ও বিশ্বকাপ জয় করেন তিনি। এরপর ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার ট্রফি ওঠে তার হাতে।
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। শেষ ম্যাচে সেই সংখ্যাকে আরও সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে। তবে গোল হোক বা না হোক, ৬ অক্টোবরের রাতটি আর্জেন্টাইন ফুটবলে আলাদা করে লেখা থাকবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস