ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

১২ আশ্বিন ১৪৩৩, ১৪ রবিউস সানি ১৪৪৮

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১৫, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

ছবি: ঢাকা এক্সপ্রেস

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ১৯৭১ সালের পর রাজনীতির অনুপ্রবেশে ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ে। এতে ধীরে ধীরে খেলাধুলার মান কমতে থাকে। একই সঙ্গে ঢাকার মাঠে ক্লাব ফুটবলের অংশগ্রহণও কমে যায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে মোহামেডান সমর্থক দলের কেন্দ্রীয় কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, ক্লাবটি তাঁর কাছে আবেগ ও ভালোবাসার আরেক নাম। ১৯৬৭ সালে তিনি যখন মোহামেডানে খেলতেন, তখন ফুটবল ঘিরে মানুষের আগ্রহ ও আবেগ ছিল ভিন্ন রকম।

তিনি বলেন, মোহামেডানে খেলা ছিল অত্যন্ত সম্মানের। স্বাধীনতার আগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব জনপ্রিয় ছিল। মোহামেডানে বাঙালি খেলোয়াড় থাকায় এ ক্লাবের সমর্থকও বেশি ছিল।

স্পিকার বলেন, ক্লাব ফুটবল থেকে জাতীয় দলে জায়গা করে নিতে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে বাঙালি খেলোয়াড়দের প্রতিযোগিতা করতে হতো।

অনুষ্ঠানে তরুণদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। অতিথিরা খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতীত সাফল্য ও স্পিকারের খেলোয়াড়ি জীবনের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্পিকারসহ অতিথিদের ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরানো ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ. এম. রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মোহামেডান সমর্থক দলের ভাইস চেয়ারম্যান মো. হাতেম, সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা কমিটির সদস্য সচিব খাইরুল কবীর খোকন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং মোহামেডান সমর্থক দলের সভাপতি এস এম আলমগীর আবুল।

অনুষ্ঠানে ক্লাবের আমন্ত্রিত সদস্য, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংসদ সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন