ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮

‘সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ’

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩১, ৬ অক্টোবর ২০২৬

‘সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ’

ছবি: ঢাকা এক্সপ্রেস

‘সিন্ডিকেট’ কোনো সরকারই পছন্দ করে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারও চায় ‘সিন্ডিকেট’ শব্দটির কোনো অস্তিত্ব না থাকুক। জনগণের স্বার্থে সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্যেই কাজ করছে।

খাদ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করছে বলেও জানান মন্ত্রী। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি।

ভবিষ্যতে যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প প্রসঙ্গে আফরোজা খানম বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এর আগে সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ সাইলোতে যান তিনি।

সেখানে সাইলো ও এর অভ্যন্তরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন। এ সময় খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রী স্থাপনাগুলোর কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন