শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৫, ৪ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমারে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডোমার উপজেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ডোমার উপজেলায় প্রায় এক কিলোমিটার রেললাইনের দুই পাশে এবং এক কিলোমিটার সড়কের উভয় পাশে প্রায় ১ হাজার তালবীজ রোপণ করা হয়। এছাড়া আনসার-ভিডিপি মাঠে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়েছে।
রোপণ করা চারার মধ্যে রয়েছে মেহগনি, জলপাই, নিম ও হরিতকি। এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, পিভিএম-এর পরামর্শ ও নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা, উপজেলা প্রশিক্ষিকা রাবিনা, ইউনিয়ন ও পৌরসভা দলনেতা-দলনেত্রী এবং সঞ্জীবন সদস্য-সদস্যারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।
ঢাকা এক্সপ্রেস/এসআই