ঢাকা, রোববার, ০৪ অক্টোবর ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮

বরগুনায় বইয়ের ভুবন: শুরু হলো ৫ দিনের ভ্রাম্যমাণ বই উৎসব

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৩, ৩ অক্টোবর ২০২৬

বরগুনায় বইয়ের ভুবন: শুরু হলো ৫ দিনের ভ্রাম্যমাণ বই উৎসব

ছবি: ঢাকা এক্সপ্রেস

"বই পড়ুন, আলোকিত মানুষ গড়ুন" - এই প্রত্যয়ে বরগুনায় পর্দা উঠলো ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার, বরগুনা কালেক্টর স্কুল এন্ড কলেজের শিক্ষক তারিক বিন আনসারী সুমন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী সুধীজন।

আয়োজকরা জানান, মেলায় দেশের নামকরা প্রকাশনীর হাজারো বইয়ের সমাহার ঘটেছে। গল্প, উপন্যাস, কবিতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও শিশুতোষ বই সবই মিলছে এক ছাদের নিচে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পাঠকদের জন্য থাকছে ২৫% থেকে ৩০% পর্যন্ত বিশেষ ছাড়।

উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বইপ্রেমীদের সাথে কুশল বিনিময় করেন। মেলাকে ঘিরে শহরে বইপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন