শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৩, ৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫১, ৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়াতে দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ফলের সরবরাহ পর্যাপ্ত রাখা ও বাজারমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আলোচনা হয়। খেজুর আমদানিতে শুল্ক-কর নিয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান মন্ত্রী।
মাল্টার আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় হিসাবের পরও খুচরা বাজারে প্রতি কেজি দাম ৫২০ টাকা কীভাবে হচ্ছে, তা ব্যবসায়ীদের কাছে জানতে চান বাণিজ্যমন্ত্রী।
অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।
সভায় ব্যবসায়ীরা জানান, মাল্টার দাম বাড়ার অন্যতম কারণ সরবরাহ সংকট। তাদের হিসাবে, কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে।
অথচ দেশের স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার মাল্টা প্রয়োজন হয় বলে জানান ব্যবসায়ীরা।
আমদানিকারকেরা জানান, উচ্চশুল্ক, পরিবহন ব্যয়, জাহাজ ও বন্দরের জটিলতা এবং আগের চালানে লোকসানের কারণে অনেক ব্যবসায়ী মাল্টা আমদানি কমিয়ে দিয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/এসআই