শিরোনাম
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৫, ৩ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজনকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ। এর আগে শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো চালানো হয়।
জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই এ অভিযানের উদ্দেশ্য।
পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানায় ১২ জন, বেগমগঞ্জ মডেল থানায় ছয়জন, চরজব্বর থানায় দুজন, সোনাইমুড়ী থানায় ছয়জন, চাটখিল থানায় ছয়জন এবং কবিরহাট থানায় সাতজনকে আটক করা হয়। তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার পেয়ার আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
ঢাকা এক্সপ্রেস/এসআই